ফাইল ছবি
ফ্রান্স থেকে ব্রিটেনে ছোট নৌকায় করে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের একটি নৌকা উল্টে গেছে। এতে দুজন নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কালে এলাকার কাছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
পা-দ্য-কালে অঞ্চলের কর্মকর্তা ক্রিস্তফ মার্ক্স জানান, নৌকাটিতে প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে—জানায় রয়টার্স।
এই ঘটনা আবারও ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে ব্রিটেনে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রাকে সামনে এনেছে।একই সঙ্গে এটি ফ্রান্স ও যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা ও চ্যালেঞ্জকে স্পষ্ট করেছে।
অভিবাসন ইস্যু ঘিরে ইউরোপে রাজনৈতিক বিতর্কও বাড়ছে এবং কঠোর নীতি গ্রহণের দাবি জোরালো হচ্ছে। অভিবাসন সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ায় ব্রিটেনের রিফর্ম ইউকে এবং ফ্রান্সের ন্যাশনাল র্যালি (আরএন) দলের মতো রাজনৈতিক দলগুলোর সমর্থনও বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতিতে গত মাসে ব্রিটেন ফ্রান্সের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি নতুন চুক্তির ঘোষণা দেয়।ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধ পারাপার কমানোর লক্ষ্যে তিন বছরের এই চুক্তির আওতায় ফ্রান্সকে সর্বোচ্চ ৬৬০ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা রয়েছে।










































