নবীনগরে র‌্যাবের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া-বলিয়ারা গ্রামে র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুখ্যাত সন্ত্রাসী শফিক ওরফে ‘চুরা শফিক’ ও তার বাহিনীর সদস্যরা র‌্যাব-৯ (সিপিসি-১) এর তিন সদস্যকে মারধর করে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি নিয়মিত তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র‌্যাব সিপিসি-১ এর চার সদস্য শর্টকাট হিসাবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করছিলেন। খাগাতুয়া গ্রামে পৌঁছালে সন্ত্রাসী শফিক ও তার সহযোগীরা তাদের পথরোধ করে। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

সময় সার্জেন্ট ফারুক কোনোমতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি থেকে ডেপুটেশনে কর্মরত), কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেককে সন্ত্রাসীরা ধরে নিয়ে মারধর শুরু করে। পরে তাদের স্থানীয় একটি বাড়িতে আটকে রেখে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল ঘিরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন সদস্যকে উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, আমাদের সদস্যরা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে শফিক ডাকাত ও তার দল তাদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। একজনের মাথায় কোপ লেগেছে এবং অন্য দুজনের হাত ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী শফিক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, হত্যা, চুরি ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপরও অতীতে তার হামলার অভিযোগ রয়েছে।

নবীনগর থানার পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

LEAVE A REPLY