নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে সীতা চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাই পল্লবী। এবার তার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেতা ধানুশ।সাইয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘সারা ভারতে খুঁজলেও তার মতো সীতা আর পাওয়া যাবে না।’
সম্প্রতি তাদের আসন্ন ছবি ‘ওএম’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন ধানুশ। সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত আলোচনা ও সমালোচনা হচ্ছে কেন, তা বুঝতে পারছেন না বলে জানান অভিনেতা।
ধানুশ বলেন, ‘সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত শোরগোল হচ্ছে।বিষয়টি আমি সত্যিই বুঝতে পারছি না। শুটিংয়ের বিরতির সময়ও সাই নিয়মিত প্রার্থনা করতেন। সারা ভারত খুঁজলেও তার মতো আরেকজন সীতা পাবেন না। ঈশ্বরের প্রতি তার গভীর ভক্তি এবং নির্মল হৃদয় রয়েছে।তিনি যেমন সুন্দর, তেমনি অসাধারণ অভিনেত্রীও।’
এরপর ‘মারি ২’ ছবিতে সাই পল্লবীর সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন ধানুশ। তার মতে, গত ৯ বছরে অভিনেত্রী হিসেবে অনেকটাই বদলে গেছেন সাই। প্রথমবার দেখা হওয়ার সময় তিনি ছিলেন বেশ চুপচাপ ও লাজুক। কিন্তু ‘ওএম’-এর সেটে তার আত্মবিশ্বাস ও কাজের দক্ষতা দেখে অবাক হয়েছেন ধানুশ।
‘ওএম’ ছবিতে সাই পল্লবী সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পান তিনি। ছবিতে ধানুশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুটিও। এই ছবিতে কঠিন একটি চরিত্র সাহসের সঙ্গে ফুটিয়ে তোলার জন্যও সাইয়ের প্রশংসা করেছেন ধানুশ।
অন্যদিকে নীতেশ তিওয়ারির দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। ছবিটির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।











































