বায়ার্নের পর এবার রিয়াল-পিএসজির ‘মুখের গ্রাস’ কেড়ে নিতে চাইছে বার্সা

মৌসুমটা একেবারেও খারাপ কাটেনি বার্সেলোনার। সুপারকোপা দে এস্পানার সঙ্গে লা লিগার শিরোপা ঘরে তুলেছে কাতালানরা, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল আর আতলেতিকো মাদ্রিদ যখন শূন্য হাতে মৌসুম শেষ করেছে, সেদিকে তাকালে তো বটেই, শুধু নিজেদের অর্জনের দিকে তাকালেও মৌসুমটাকে ছোট করে দেখা যায় না আদৌ। 

তবে লা লিগা শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই শেষ দুই বারের চ্যাম্পিয়নরা পরের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লিগ মৌসুম শেষে দলের অধিকাংশ খেলোয়াড় যখন বিশ্বকাপে মন দিয়েছেন, তখন বার্সেলোনা নেমে পড়েছে পরের মৌসুমের দল গোছাতে। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা ও ক্রীড়া ব্যবস্থাপক ডেকো মিলে দলবদলের বাজারে নেমেই যেন রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভেড়ানোর সব কাজ মোটামুটি সম্পন্ন করে ফেলেছে। এবার আরও দুই হাই প্রোফাইল সাইনিংয়ে নজর দিয়েছে কাতালানরা।

ঘটনার শুরু বাংলাদেশে ঈদুল আজহার ঠিক আগের দিন। ইউরোপীয় সময়ে সকালবেলা বার্সেলোনা নিউক্যাসলকে জানায় তারা অ্যান্থনি গর্ডনকে দলে টানতে আগ্রহী। বিকেল নাগাদ বার্সা ইংলিশ দলটা যা চাইছিল, তাই দিতে আগ্রহ প্রকাশ করে। এরপর যা হওয়ার তাই হলো, কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ এই ট্রান্সফারে সম্মত হয়।

Anthony Gordon transfer twist as action taken after Arsenal advantage  emerges - The Mirror
অ্যান্থনি গর্ডন/ফাইল ছবি

পুরো প্রক্রিয়াটায় বায়ার্ন মিউনিখ ছিল দর্শকের ভূমিকায়। অথচ দলটা অন্তত ২ মাস ধরে গর্ডনকে দলে টানতে মরিয়া হয়ে আলোচনার পর আলোচনা চালিয়ে যাচ্ছিল। বুধবার বার্সা যখন আগ্রহ প্রকাশ করে, তখন বায়ার্নের পরিচালকরা এটাকে নেহায়েতই ‘ব্লাফ’ বলে মনে করছিলেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সে ‘ব্লাফ’ বাস্তবে পরিণত হয়। ৭০ মিলিয়ন ইউরো খরচ করে বার্সা ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে ভেড়ায়। তাও আবার এক কার্যদিবস শেষ হওয়ার আগেই।

এই ঘটনার দুই দিন এখনও শেষ হয়নি। শেষ ৩৬ ঘণ্টায় আরও বড় দলবদলের জন্য অনেক দূর এগিয়ে গেছে বার্সা। তাও আবার একটা নয়, দুটো। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত জানাচ্ছে, ইতোমধ্যেই হুলিয়ান আলভারেজের সঙ্গে আলাপ হয়ে গেছে বার্সার। কাতালান দলটির কোচ হান্সি ফ্লিক নিজের প্রকল্পে তার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তাকে বুঝিয়েছেন। তাতে দুই পক্ষ সম্মতও হয়েছে। এখন ক্লাব পর্যায়ে আলাপের সময়। স্প্যানিশ সংবাদ মাধ্যম বলছে ৯০ মিলিয়ন ইউরোর একটি প্রাথমিক প্রস্তাব বার্সা দেবে আতলেতিকোকে। 

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই দলই তাকে পেতে মরিয়া হয়ে আছে অনেক দিন ধরে। পিএসজি ও আর্সেনাল আলভারেজের জন্য আতলেতিকোকে প্রস্তাবও দিয়েছে বলে গুঞ্জন আছে স্পেনে। তবে আপাতত এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বার্সাই।

এখানেই শেষ নয় বার্সার দলবদলের লিস্ট। ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া বের্নার্দো সিলভাকেও দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে বার্সা। ইউরোপীয় একাধিক মাধ্যম জানাচ্ছে, ২০২৮ সাল পর্যন্ত তাকে দলে পেতে চূড়ান্ত পর্যায়ের আলাপ চালাচ্ছে কাতালানরা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে বলে জানা যাচ্ছে। 

তাকে দলে ভেড়াতে আগ্রহী হিসেবে দলগুলোর মধ্যে আছে রিয়াল মাদ্রিদের নাম। তার এজেন্ট জর্জ মেন্দেস ইতোমধ্যেই নাকি তাকে রিয়ালের সামনে উপস্থাপন করেছেন। তবে সেসব একপাশে রেখে তাকে যদি বার্সেলোনা দলে ভেড়ায়, তাহলে সেটা দেখার মতোই একটা পরিস্থিতি হবে বটে!

LEAVE A REPLY