দুই প্রীতি ম্যাচের জন্য বিশ্বকাপ স্কোয়াডের বাইরে আরো যাদের ডেকেছেন স্কালোনি

বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচের জন্য অতিরিক্ত আরো ৭ জনকে দলে রেখেছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। ছবি : টিওয়াসি স্পোর্টস

অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আজ (২৯ মে) ভোরে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেন তিনি।তবে এর পাশাপাশি তিনি আরো সাতজন ফুটবলারকে বেছে নিয়েছেন, যারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলের সঙ্গে ভ্রমণ করবেন, যদিও তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না।

আগামী ৭ ও ১০ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচই বিশ্বকাপ শুরুর আগে আলবিসেলেস্তেদের শেষ প্রস্তুতি ম্যাচ। মূল ২৬ সদস্যের দলে না থাকলেও এই দুই ম্যাচের জন্য অতিরিক্ত সাতজন খেলোয়াড় থাকবেন দলের সঙ্গে।তারা হলেন—সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস এবং সিমোন এসকোবার।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে দলে কোনো অপ্রত্যাশিত সমস্যা বা চোট দেখা দিলে এই ফুটবলাররাই প্রথম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। যদিও চাইলে স্কালোনি প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে অন্য কাউকেও ডাকতে পারবেন। আপাতত তাদের মূল ভূমিকা হবে অনুশীলনে মূল দলের ‘স্প্যারিং পার্টনার’ হিসেবে কাজ করা।তরুণ প্রতিভা ও সাম্প্রতিক পারফরম্যান্সই এই খেলোয়াড়দের নির্বাচনের বড় কারণ।

তোমাস আরান্দা ও সান্তিয়াগো বেলত্রান বর্তমানে যথাক্রমে বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেটের হয়ে দারুণ ছন্দে আছেন। নিকোলাস কাপালদো জার্মান ক্লাব হামবুর্গ এসভির অধিনায়ক হিসেবে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন। আগুস্তিন গিয়াই নিয়মিত খেলছেন পালমেইরাসে। ইগনাসিও ওভান্দো রোসারিও সেন্ট্রালের অন্যতম নির্ভরযোগ্য তরুণ তারকা।জোয়াকিন ফ্রেইতাসকে এদুয়ার্দো কুদেতের পছন্দের খেলোয়াড়দের একজন মনে করা হয়। আর মাত্র ১৬ বছর বয়সী সিমোন এসকোবারকে ধরা হচ্ছে ভেলেজ সারসফিল্ড রিজার্ভ দলের অন্যতম বড় প্রতিভা হিসেবে।

প্রীতি ম্যাচের দলে থাকা সাতজন

সান্তিয়াগো বেলত্রান (রিভার), আগুস্তিন গিয়াই (পালমেইরাস), নিকোলাস কাপালদো (হামবুর্গ), তোমাস আরান্দা (বোকা), ইগনাসিও ওভান্দো (রোসারিও সেন্ট্রাল), জোয়াকিন ফ্রেইতাস (রিভার) ও সিমোন এসকোবার (ভেলেজ)।

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া অন্য খেলোয়াড়রা : ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কামবেসেস (রেসিং), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেইন্ট জিলোয়াজ), লুকাস মার্তিনেজ কোয়ার্তা (রিভার), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), হেরমান পেজ্জেলা (রিভার), লাউতারো দি লোলো (বোকা), জায়েদ রোমেরো (গেতাফে), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং), মাক্সিমো পেরোনে (কালচিও কোমো), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার), মিল্টন দেলগাদো (বোকা), অ্যালান ভারেলা (পোর্তো), এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), নিকোলাস দোমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), মাতিয়াস সুলে (রোমা), ক্লদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি (বেনফিকা), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া) ও মাতেও পেলেগ্রিনো (পারমা)।

LEAVE A REPLY