হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে অনন্য নজির স্থাপন করেছেন সুহেইলা মুখতার নামের এক মুসলিম শিক্ষার্থী। অনুষ্ঠানে তার করা সূরা আল-আলাকের সুমধুর তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।

গত মঙ্গলবার (২৬ মে) সমাবর্তনের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এরই ধারাবাহিকতায় সুহেইলা মঞ্চে এসে সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার তিলাওয়াতের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সুহেইলা মুখতার ২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করেন।কেবল ধর্মীয় মূল্যবোধেই নয়, একাডেমিক এবং সমাজসেবামূলক ক্ষেত্রেও তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মেধার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননায় ভূষিত হন।

চিকিৎসাবিজ্ঞান ও সমাজ উন্নয়ন নিয়ে কাজ করা সুহেইলার বেশ কয়েকটি গবেষণাপত্র ইতিমধ্যে ‘সার্জিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন এবং নারীর ক্ষমতায়ন।এ ছাড়া মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও অনলাইন শিক্ষার আচরণ নিয়েও তার বিশেষ আগ্রহ রয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ‘হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স’, ‘হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ’ এবং ‘স্ট্রাইভ বোস্টন’-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। পাশাপাশি ২০২৪ সাল থেকে ‘মাউন্ট অবার্ন হাসপাতালে’ একজন স্বেচ্ছাসেবক ও রোগী সহায়তাকারী হিসেবে মানবসেবায় অবদান রাখছেন।

হার্ভার্ডের মতো বৈশ্বিক মঞ্চে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিয়ে এবং একই সঙ্গে একাডেমিক ক্ষেত্রে অনন্য উচ্চতা স্পর্শ করে সুহেইলা মুখতার এখন তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণার নাম।

 

LEAVE A REPLY