বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম

সোনা-রুপার গয়না। ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরে দীর্ঘদিনের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই খবরের পর বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।বিনিয়োগকারীদের ধারণা, এই চুক্তির ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা কমবে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আপাতত সুদের হার বাড়ানোর পথে হাঁটবে না। খবর রয়টার্স

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪১.৩৯ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহের তুলনায় এই দাম প্রায় ৮ শতাংশ বেশি। এর আগে গত সপ্তাহে সোনার দাম ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচারের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৩ ডলারে লেনদেন হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ঘোষণায় জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীও উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, ‘শান্তি চুক্তির খবরে তেলের বাজারে অস্থিরতা কমেছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কাও অনেকটা কেটে গেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আর বাড়াবে না—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা এখন সোনার দিকে ঝুঁকছেন।’

বুধবার ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের অধীনে এটিই হবে ফেডের প্রথম বড় সিদ্ধান্ত। বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন ফেড সুদের হারের বিষয়ে কোনো নরম ইঙ্গিত দেয় কি না।সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭০ শতাংশ থেকে কমে এখন ৫৬ শতাংশে নেমে এসেছে।

সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ড বা সুদের সুবিধা পাওয়া খাতে বিনিয়োগ করেন। কিন্তু সুদের হার বাড়ার সম্ভাবনা কমলে সোনার চাহিদা বেড়ে যায়।

সোনার পাশাপাশি রুপা ও প্ল্যাটিনামের দামও ঊর্ধ্বমুখী। মঙ্গলবার স্পট সিলভার বা রুপার দাম ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭০.৩৭ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩.৭৮ ডলারে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


LEAVE A REPLY