ফিশ অয়েল খেলেই কি স্মৃতিশক্তি বাড়ে? নতুন গবেষণায় যা জানা গেল

সংগৃহীত ছবি

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে অনেকেই ফিশ অয়েল বা মাছের তেলের ক্যাপসুল খান। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড মস্তিষ্কের জন্য উপকারী বলে পরিচিত।তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ওমেগা-৩ সাপ্লিমেন্ট খেলেও স্মৃতিশক্তি বা চিন্তা-ভাবনার ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি না-ও হতে পারে।

২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত এই গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কেক মেডিসিনের গবেষকেরা। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইবায়োমেডিসিন সাময়িকীতে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়।এতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদিন ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণকারীরা মস্তিষ্কের কার্যক্ষমতায় উল্লেখযোগ্য সুবিধা পাননি।

গবেষণার প্রধান অনুসন্ধানকারী এবং ইউএসসির সেন্টার ফর পারসোনালাইজড ব্রেন হেলথের পরিচালক হুসেইন নাজি ইয়াসিন বলেন, আলঝেইমার প্রতিরোধের কোনো সহজ উপায় সবাই খোঁজেন। তবে তাদের গবেষণায় দেখা গেছে, ফিশ অয়েল সাপ্লিমেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

তবে এর অর্থ এই নয় যে ওমেগা-৩ শরীরের জন্য অপ্রয়োজনীয়।মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ বজায় রাখতে এই ফ্যাটি এসিডের ভূমিকা রয়েছে। গবেষণায় মূলত সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে স্মৃতিশক্তি বা চিন্তাশক্তি বাড়ার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

খাবার থেকে ওমেগা-৩ কি উপকারী?

মাছ ছাড়াও আখরোট, তিসি ও চিয়াবীজের মতো খাবারে ওমেগা-৩ পাওয়া যায়। গবেষণার ফল এসব খাবারের পুষ্টিগুণকে অস্বীকার করে না।

ভারতের পি ডি হিন্দুজা হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারের স্নায়ুরোগ বিশেষজ্ঞ কৌস্তভ মহাজন বলেন, এই গবেষণা থেকে মাছ, আখরোট, তিসি বা চিয়াবীজের মতো খাবারে থাকা ওমেগা-৩-এর পুষ্টিগুণ অস্বীকার করার সুযোগ নেই।সুষম খাদ্যের অংশ হিসেবে এসব খাবার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

মস্তিষ্ক সুস্থ রাখতে কী করবেন?

শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে জীবনযাপনের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিকভাবে সক্রিয় থাকা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের মতো সমস্যাও নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের নির্দিষ্ট পুষ্টিগত চাহিদা পূরণে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কাজে আসতে পারে। তবে আলঝেইমার রোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়া ঠেকাতে এসব সাপ্লিমেন্ট কার্যকর—এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।

LEAVE A REPLY