সংগৃহীত ছবি
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। সাম্বা ফুটবলের জাদুতে যুগে যুগে বিশ্বমঞ্চ কাঁপিয়েছে লাতিন আমেরিকার এই পরাশক্তি।তবে যদি প্রশ্ন করা হয়, ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে সেলেসাওদের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় কোনটি? তাহলে সবাই জার্মানির বিপক্ষে সেমিফাইনালে সেই দুঃস্বপ্নের ৭-১ গোলের কথা একবাক্যে বলবেন। তবে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় ব্যবধানের জয় কোনটি?
তবে ফিরে যেতে হবে আজ থেকে সাত দশকেরও বেশি সময় আগে, ১৯৫০ সালের বিশ্বকাপে। সেবার ঘরের মাঠে ইউরোপের পরাশক্তি সুইডেনকে ৭-১ গোল ব্যবধানে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সেই বিশ্বকাপে শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছিল সুইডিশরা।
১৯৫০ সালের ৯ জুলাই ব্রাজিলের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উপস্থিত প্রায় ১ লাখ ৩৮ হাজার দর্শকের সামনে জাদুকরী এক ফুটবল প্রদর্শনীর জন্ম দিয়েছিল স্বাগতিকরা। বর্তমান বিশ্বকাপের ফরম্যাটের হিসাবে ম্যাচটি ছিল সেমিফাইনালের সমান গুরুত্বপূর্ণ। কেননা সেবার নকআউট পদ্ধতির বদলে শীর্ষ চার দল নিয়ে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছিল। ফাইনাল রাউন্ডের সেই ম্যাচে সুইডিশ রক্ষণভাগকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে দেয় ব্রাজিলের আক্রমণভাগ।
সেলেসাওদের এই রেকর্ড জয়ের মূল নায়ক ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার আদেমির। সুইডেনের রক্ষণভাগের বুহ্য ভেদ করে একাই ৪টি গোল করেছিলেন তিনি। ম্যাচের ১৭, ৩৬, ৫২ এবং ৫৮ মিনিটে গোলগুলো করেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের এক ম্যাচে ব্রাজিলের জার্সিতে চার গোল করার অনন্য কীর্তিও এটি।
আদেমিরের চার গোলের পাশাপাশি উইঙ্গার চিকো ৩৯ ও ৮৮ মিনিটে করেন জোড়া গোল।আর ম্যাচের ৭০ মিনিটে সুইডেনের কফিনে পেরেক ঠোকেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিজিনহো। ম্যাচের ৬৭ মিনিটে সুইডেনের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র সান্ত্বনার গোলটি করেছিলেন অ্যান্ডারসন।











































