ইন্টার মিলান ও এসি মিলান নতুন স্টেডিয়ামের নকশা ও নাম প্রকাশ করেছে। ছবি: ফেসবুক
ইতালির ফুটবলে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সান সিরো ছেড়ে আধুনিক এক স্টেডিয়ামে নতুন ঠিকানা গড়তে যাচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যৌথ উদ্যোগে নির্মিতব্য এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘জেনেরালি স্টেডিয়াম’। ২০৩১ সাল থেকে সেখানে খেলার পরিকল্পনা রয়েছে ক্লাব দুটির।
এক যৌথ বিবৃতিতে নতুন স্টেডিয়ামের নকশা ও নাম প্রকাশ করে এসি মিলান ও ইন্টার মিলান। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নকশা করেছে ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।
ক্লাব দুটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলের জন্য একটি নতুন ঘর। মিলান শহরের জন্য একটি নতুন স্থাপত্যিক নিদর্শন।’

নতুন স্টেডিয়ামের নামকরণ স্বত্ব পেয়েছে ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি।ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের চুক্তিতে এর মূল্য ৬৫০ মিলিয়ন ইউরো (৮ হাজার ৯৯১ কোটি টাকা)। ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামের নামকরণ স্বত্বের অন্যতম বড় চুক্তি এটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে শুরু হবে নির্মাণকাজ। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০৩১-৩২ মৌসুমে প্রথম ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঐতিহাসিক সান সিরো ভেঙে নতুন স্টেডিয়াম চালুর পরিকল্পনা রয়েছে।










































