পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোটেলটির তৃতীয় তলার সুইমিংপুলে এ ঘটনা ঘটে।এ সময় আরও দুজন আহত হন।

মণিপাল হাসপাতালের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিক, একজন মার্কিন নাগরিক এবং হোটেলের ২৬ বছর বয়সী এক কর্মী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্লোভাকিয়ার নাগরিককে বাঁচাতে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। জার্মানির নাগরিককে হাসপাতালে নেওয়ার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।

হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক মেবেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বুঝতে পেরে মার্কিন নাগরিক ওই দুজনকে উদ্ধারে সুইমিংপুলে ঝাঁপ দেন। পরে মাথাব্যথা ও শারীরিক ধাক্কার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।হোটেলকর্মীও একই ধরনের শারীরিক ধাক্কার কারণে হাসপাতালে ভর্তি হন। দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং তাদের শনিবার হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY