মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটি ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬ মাইল (প্রায় ১০ কিলোমিটার) গভীরে। এর কম্পন মেক্সিকোর সিনালোয়া রাজ্যের লস মোচিস ও কুলিয়াকান শহরে হালকাভাবে অনুভূত হয়।
এ ছাড়া বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের রাজধানী লা পাজেও কম্পন অনুভূত হওয়ার আশঙ্কা ছিল।ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা মানুষের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। কারণ দেশটি তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।










































