সংগৃহীত ছবি
আন্তর্জাতিক তারকাদের মিলনমেলায় নজর কাড়লেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘২০২৬ ল্যাকমা (এলএসিএএমএ) আর্ট + ফিল্ম গালা’য় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।অনুষ্ঠানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ নির্মাতা ডেনিস ভিলনভের সঙ্গে অভিনেতার ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো দেখে ভক্তদের কেউ কেউ তাকে জেমস বন্ড চরিত্রে দেখতে চাওয়ার কথাও জানিয়েছেন।
অনুষ্ঠানে হলিউড, সংগীত ও ফ্যাশনজগতের বহু আন্তর্জাতিক তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, নিকোল কিডম্যান, ব্ল্যাকপিংকের রোজে, আনিয়া টেলর-জয়, অ্যান্ড্রু গারফিল্ড, মিশেল ইয়োহ এবং এইসপার সদস্য নিংনিং।
অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে নিকোল কিডম্যান ও ডেনিস ভিলনভের সঙ্গে হৃতিকের ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে। ছবিগুলো ঘিরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বেশ চমকপ্রদ।
একজন লিখেছেন, ‘এবার হৃতিক স্যারকে জেমস বন্ডের অডিশন দেওয়ানো হোক।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার সর্বকালের প্রিয় অভিনেতা!!’
‘২০২৬ ল্যাকমা আর্ট + ফিল্ম গালা’র সহসভাপতিত্ব করেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ল্যাকমার ট্রাস্টি ইভা চাউ। প্রতিবছর আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শিল্প ও চলচ্চিত্রের মধ্যকার সম্পর্ক উদ্যাপন করা। পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বদের একত্রিত করে এই আয়োজন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের (ল্যাকমা) আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা গেছে হৃতিককে। সেখানে হাত জোড় করে নমস্কার জানিয়ে আলোকচিত্রীদের অভিবাদন জানান তিনি।কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে অভিনেতার মার্জিত উপস্থিতিও নজর কেড়েছে।
এদিকে চলতি মাসের শুরুতে প্রেমিকা সাবা আজাদের জন্মদিনে আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় আসেন হৃতিক। সাবাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘কেউ একজন আমাকে তোমার কথা জিজ্ঞেস করেছিল। আমি বললাম, আমি তোমাকে নিয়ে কথা বলতে চাই না, কারণ বিষয়টি আমার কাছে অত্যন্ত মূল্যবান। কিন্তু সে বারবার অনুরোধ করায় আমি এই কথাটি বললাম।’
সাবার সঙ্গে ভ্রমণের প্রসঙ্গ টেনে হৃতিক লেখেন, ‘আচ্ছা, এমনটা হলে কেমন হয়? ধরুন, মুম্বাই থেকে কোনো দূরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য দুটি বিকল্প আছে—একটি সরাসরি ফ্লাইট, যা বেশ সুবিধাজনক ও সহজ! আর অন্যটি এমন, যা ৮টি ভিন্ন শহরের ওপর দিয়ে যায়, যেখানে প্রতিটি যাত্রাবিরতিতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় এবং পরবর্তী ফ্লাইটটি মিস করার ঝুঁকিও থাকে।’
এরপর তিনি আরো যোগ করেন, ‘যদি তার (সাবার) সঙ্গে ভ্রমণের সুযোগ থাকে… তবে আমি দ্বিতীয় বিকল্পটিই বেছে নেব… জেনেশুনেই… প্রতিবারই।’
কাজের ক্ষেত্রে, সম্প্রতি নেলসন দিলীপ কুমারের ব্লকবাস্টার সিক্যুয়াল ‘জেলার ২’-এ অতিথি চরিত্রে দেখা গেছে হৃতিককে। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।









































