ছবি : রয়টার্স
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।
ভারত সরকার বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।
কংগ্রেস সংসদ শশী থারুরের সভাপতিত্বে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সংসদে ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অনুপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের যে অনুরোধ করেছে, তা সংসদীয় স্থায়ী কমিটি আমলে নিয়েছে।এ বিষয়ে অগ্রগতির তথ্য নিয়মিত কমিটিকে জানাতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার অবস্থান দেশটির মানবিক নীতি ও বিপদগ্রস্ত বা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে উল্লেখ করা হয়, ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো রাজনৈতিক মঞ্চ বা সুযোগ দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দীর্ঘদিনের নীতি হলো, দেশটির ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে, সরকার যেন তার মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখে। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে এবং ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে মোকাবেলা নিশ্চিত করে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যান। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন।











































