পরিবার নিয়ে আয়ারল্যান্ডে ভ্রমণে গিয়ে ডাবলিন বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, নিয়মকানুন পালনে অব্যবস্থাপনা এবং হুমকিমূলক আচরণের অভিযোগ তুলেছেন সাঙ্গাকারা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৪৯ বছর বয়সী সাঙ্গাকারা লিখেছেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা কোনো কর্মীর মুখোমুখি কি আপনারা হয়েছেন? আমি এইমাত্র আমার পরিবারের সঙ্গে এমন অভিজ্ঞতার শিকার হয়েছি, যা ছিল জঘন্য। কথা বলার ধরন, নিয়মকানুন পালনে অব্যবস্থাপনা এবং হুমকিমূলক আচরণ—কোনোটিই কোনো যাত্রীর সঙ্গে গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম বাজে অভিজ্ঞতা।’
সাঙ্গাকারার অভিযোগ, বিমান সংস্থাটির কর্মীদের আচরণ তার ও পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সাঙ্গাকারার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলঙ্কার আরেক নাগরিক সঞ্জীবা ভিরাওয়ার্না। পশ্চিমা দেশগুলোতে নিজের বৈষম্যের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।জবাবে সাঙ্গাকারা লিখেছেন, ‘নিজের সঙ্গে এমন কিছু ঘটলে তা সত্যিই গভীরভাবে নাড়া দেয়।’
সাঙ্গাকারার অভিযোগের ব্যাপারে এখনো রায়ানএয়ারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকে সাঙ্গাকারা বেশিরভাগ সময় পরিবার নিয়ে ইংল্যান্ডের ডরসেট এলাকায় থাকেন। সম্ভবত সেখান থেকেই পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ডে ঘুরতে গেছেন। ধারাভাষ্যের পাশাপাশি এখন কোচিংয়েও নিয়মিত দেখা যায় তাকে।









































