ভোক্তা ব্যয় বাড়লেও মার্কিন অর্থনীতিতে দেখা দিয়েছে অপ্রত্যাশিত মন্দা

ছবি : রয়টার্স

আমেরিকায় সাধারণ মানুষের খরচ বা ভোক্তা ব্যয় বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অপ্রত্যাশিত মন্থর গতি দেখা গেছে। মার্কিন বাণিজ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ২.১ শতাংশ হলেও দ্বিতীয় ত্রৈমাসিকে তা কমে বার্ষিক ১.৫ শতাংশে নেমে এসেছে।যদিও বিশ্লেষকরা প্রবৃদ্ধি অন্তত ২ শতাংশ থাকার পূর্বাভাস দিয়েছিলেন।

বিশ্বের বৃহত্তম এই অর্থনীতি একদিকে ইরানের সঙ্গে যুদ্ধের আর্থিক প্রভাব সামলাচ্ছে, অন্যদিকে মার্কিন ব্যবসাগুলো নতুন শুল্কের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে, সরকারি ব্যয়, নানা খাতে মূলধনী বিনিয়োগ ও সামগ্রিক রপ্তানি কমে যাওয়ার কারণেই প্রবৃদ্ধিতে এই মন্দা দেখা দিয়েছে।

মার্কিন অর্থনীতির দুই-তৃতীয়াংশের বেশি নির্ভর করে সাধারণ মানুষের কেনাকাটা বা ভোক্তা ব্যয়ের ওপর।বছরের শুরুতে এটি ০.৫ শতাংশে নেমে গেলেও দ্বিতীয় ত্রৈমাসিকে তা বেড়ে ৩.২ শতাংশে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী, বিগত এক বছরে জীবনযাত্রার ব্যয় বা দাম ৩.৫ শতাংশ বাড়লেও আমেরিকানরা গাড়ি (বিশেষ করে হালকা ট্রাক), আসবাবপত্র ও প্রেসক্রিপশনের ওষুধের পেছনে খরচ কমায়নি।

অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান মার্কিন অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স জানান, প্রবৃদ্ধির এই ধীরগতি দেখে মার্কিন অর্থনীতির মূল সক্ষমতাকে কম ভাবার সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত খাতে বিনিয়োগ ভালো হচ্ছে এবং চলতি বছরের শেষের দিকে প্রবৃদ্ধি আবারও ২ শতাংশ ছাড়িয়ে যাবে।অন্যদিকে, ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ ব্র্যাডলি সন্ডার্স মনে করেন, তেলের উচ্চমূল্য সত্ত্বেও আমেরিকার পরিবারগুলো কেনাকাটা অব্যাহত রেখেছে, যা একটি সুস্থ অর্থনীতিরই ইঙ্গিত দেয়।

অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ টানা পঞ্চমবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফেড প্রধান কেভিন ওয়ার্শ সতর্ক করে বলেছেন, মূল্যস্ফীতি কমানোর কোনো ‘জাদুর কাঠি’ নেই। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে গিয়ে ঠেকেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের (গ্যাসোলিন) গড় দাম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরো বাড়িয়ে তুলছে।

LEAVE A REPLY