ফিলিপসের সেঞ্চুরি, রেকর্ড জয়ে ভারতকে থামাল নিউজিল্যান্ড

সেঞ্চুরির পর ফিলিপসের উদযাপন। ছবি : সংগৃহীত

অবশেষে ভারতের জয়রথ থামাল নিউজিল্যান্ড। টানা ৩ হারে আগেই সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড।ঘরের মাঠে তাই শঙ্কা জাগছিল ধবলধোলাই হওয়ার।

তবে সেটা হতে দেয়নি কিউইরা। ভারতকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যবধান করেছে ৩-১। প্রতিপক্ষকে হারানোর জয়টি এসেছে রেকর্ড রানের।৮৭ রানের জয়টি ভারতের বিপক্ষে এখন কিউইদের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ৮০ রানের, ২০১৯ সালে ওয়েলিংটনে।

জিততে হলে রেকর্ড ২৬০ রান তাড়া করতে হতো ভারতকে। তবে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত।প্রথম ওভারে সঞ্জু স্যামসন ও ঈশান কিষানকে হারিয়ে। সেই ধাক্কা পরে সামলে উঠতে পারেনি তারা।

উল্টো একের পর এক উইকেট হারিয়ে আরো বড় পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। কেননা ৮৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। শেষ পর্যন্ত তারা ১৭২ রান করতে পেরেছে তিলক ভার্মা-নামান ধীরের পঁচিশোর্ধ্ব ইনিংসের সৌজন্যে।নামানের ২৮ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৫ রান করেছেন তিলক। অন্যদিকে ১০ নম্বরে নেমে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যবধান কমাতে সাহায্যে করেন প্রিন্স যাদবও। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি।

এর আগে গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড ২৫৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। যা কিউইদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করা ২৫৪ রান ছিল এতদিন তাদের সর্বোচ্চ।

ফিলিপস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১০৭ রানের। ৪৯ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১০ ছক্কায়। তবে বড় সংগ্রহে ৬৫ রানে ঝোড়ো ইনিংস খেলেছেন মাইকেল ব্রেসওয়েলও। ২৬০.০০ স্ট্রাইকরেটের ইনিংস সাজান ৪ চার ও ৬ ছক্কায়।

সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী ১ নভেম্বর, হ্যামিল্টনে।

LEAVE A REPLY