ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘জাতীয় মুখপাত্র’ পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন শেহজাদ পুনাওয়ালা। দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি।নিজের স্যোশাল প্ল্যাটফর্ম এক্স থেকে ‘জাতীয় মুখপাত্র’ পদবি এবং বিজেপির সমস্ত রেফারেন্স সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার পর বিষয়টি প্রথম সবার নজরে আসে। তারনপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এই জাতীয় মুখপাত্র। খবর এনডিটিভি
শাসক দল বিজেপির হয়ে টিভি বিতর্কে অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। তার এক্স হ্যান্ডেলের বায়োতে ‘বিজেপি জাতীয় মুখপাত্র’ কথাটি সরিয়ে নিলেও ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী’ কথাটি রেখে দিয়েছেন।
তার নতুন এক্স বায়োতে লেখা রয়েছে, ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়। লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী।’ এই পরিবর্তনের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি ক্যাপশন লিখেছেন, ‘আমার হালনাগাদ করা বায়ো’।
পেশায় আইনজীবী পুনাওয়ালা কংগ্রেস পার্টির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।পরবর্তীতে ২০১৭ সালে কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন। সেখানে প্রাইমটাইম টেলিভিশন বিতর্কে ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান ও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।











































