দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা রয়েছে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে এসময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, আজ পশ্চিম মধ্য ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর এবং নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বিদর্ভ এবং তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে।
এটি আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।










































