ছবি : রয়টার্স
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত রোগীর সংখ্যা প্রথমবারের মতো চার হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার হাজার ৫৩ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে এক হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৫ মে প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কয়েক মাস আগেই রোগটি ছড়াতে শুরু করেছিল। তাদের ধারণা, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরো বেশি হতে পারে। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, ওত-উয়েলে এবং শোপো—এই পাঁচটি প্রদেশে ইবোলা শনাক্ত হয়েছে।
গত মাসে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, এই প্রাদুর্ভাব জানুয়ারি বা তারও আগে ইতুরি প্রদেশে শুরু হয়েছিল।গবেষকরা জানুয়ারির মাঝামাঝি থেকে ১৫ মে পর্যন্ত পাঁচ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত করেছেন।
বিশেষজ্ঞদের মতে, রোগ শনাক্তে বিলম্ব, দুর্বল নজরদারি, চলমান সামরিক সংঘাত এবং এই ভাইরাসের ধরনটির জন্য কার্যকর টিকা ও চিকিৎসার অভাবের কারণে ইবোলা নিয়ন্ত্রণের প্রচেষ্টা সফল হয়নি। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব।
এর চেয়ে বড় ছিল ২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারী, যেখানে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।











































