‘সিলেটে যে চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত’

সিলেট টেস্টেও জয় চান স্যামি।

মিরপুর টেস্টে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে এক দিন বাকি থাকতেই বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা।

আগামী ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে। শেষ টেস্টেও একই মানসিকতা ধরে রেখে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের লক্ষ্যের কথা এভাবে জানালেন কোচ ড্যারেন স্যামি। 

তবে কাজটা যে সহজ হবে না এমনটা জানা স্যামিরও।কেননা ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হারতেই নিশ্চয়ই চাইবে না। সঙ্গে বাংলাদেশের কোচও একজন ওয়েস্ট ইন্ডিয়ান, ফিল সিমন্স। প্রতিপক্ষকে তাই ভালোই জানা বাংলাদেশি কোচের।

স্বদেশি হওয়ায় দুজন দুজনাকে ভালোই চেনেন স্যামি-সিমন্স।সেদিকটাই তুলে ধরে স্যামি বলেছেন, ‘ফিলকে আমি যতটুকু চিনি, সে কাজটা মোটেও সহজ হতে দেবে না। ওরাও জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ওদের নিজস্ব কিছু লক্ষ্য আছে।’

তবে যে চ্যালেঞ্জই আসুক, মোকাবেলা করতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। স্যামি বলেছেন, ‘তবে ছেলেদের মধ্যে যে ক্ষুধা, একাগ্রতা ও পরিশ্রমের মানসিকতা দেখছি, তাতে সিলেটে যে চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত।ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, সেটা জেনেই আমরা অ্যাওয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

বাংলাদেশের কন্ডিশন মানিয়ে নিতে চেন্নাইয়ের ক্যাম্প ভালো কাজে দিয়েছে বলে জানান স্যামি। তিনি বলেছেন, ‘সবচেয়ে স্বস্তির ছিল আমাদের লড়াই করার মানসিকতা। তবে এর পেছনে চেন্নাইয়ের ক্যাম্পের অবদান অনেক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের নিয়ে যে কাজ হয়েছে, সেটির প্রতিফলন দেখা গেছে মাঠে। আমাদের স্পিনাররা ওদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং আমাদের ব্যাটাররা ওদের চেয়ে ভালো স্পিন সামলেছে।

LEAVE A REPLY