ম্যারাডোনার বদলে তার বাবার মেডিক্যাল রিপোর্ট দিয়ে চলছিল মামলার বিশ্লেষণ!

সংগৃহীত ছবি

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর বিচার ঘিরে আর্জেন্টিনার আদালতে এক নজিরবিহীন ও বিস্ময়কর ভুলের ঘটনা ঘটেছে। কিংবদন্তি এই ফুটবলারের চিকিৎসাসংক্রান্ত মামলায় তারই ল্যাব টেস্ট রিপোর্ট হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছিল তার প্রয়াত বাবার মেডিকেল রিপোর্ট! আর্জেন্টাইন হেলথ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ‘সুইস মেডিকেল’ এই গুরুতর ভুল স্বীকার করার পর স্থগিত হয়ে গেছে মামলার শুনানি।

সংবাদসংস্থা এএফপির দেখা এক চিঠিতে সুইস মেডিকেল স্বীকার করেছে, তদন্ত কমিটির কাছে ম্যারাডোনার যে মেডিকেল রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছিল, সেগুলো ভুলবশত ‘দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা’-র নামে সংরক্ষিত ছিল। প্রকৃতপক্ষে সেগুলো ছিল তার প্রয়াত বাবা ‘দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা’-র। উল্লেখ্য, ফুটবলার ম্যারাডোনা ২০২০ সালে ৬০ বছর বয়সে মারা যান, আর তার বাবা মারা গিয়েছিলেন ২০১৫ সালে।

গত সপ্তাহে ম্যারাডোনার মামলায় অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী এই অভাবনীয় ভুলটি ধরে ফেলেন।ম্যারাডোনার মৃত্যুর সময় তার কিডনির স্বাস্থ্য কেমন ছিল, বিচারপ্রক্রিয়ার শেষ ধাপে সেটাই ছিল আলোচনার মূল বিষয়। এক নেফ্রোলজিস্ট সাক্ষ্য দেওয়ার সময় দাবি করেছিলেন, চিকিৎসকদের কিডনির সমস্যায় আরও নজর দেওয়া উচিত ছিল। কিন্তু শেষমেশ জানা গেল, পুরো বিশ্লেষণটাই করা হয়েছিল ভুল মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে!

মস্ত বড় এই লেজেগোবরে অবস্থার কারণে আদালতের বিচারিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছেন বিচারক। গত বছর এক বিচারকের স্বার্থের দ্বন্দ্বের কারণে প্রথম ট্রায়াল বাতিল হওয়ার পর, নতুন করে এই বিভ্রাট পুরো আদালতপাড়ায় চরম অস্বস্তি তৈরি করেছে।

মস্তিস্কে অস্ত্রোপচারের দুসপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় হৃদরোগ ও ফুসফুসে পানি জমে মারা যান ১৯৮৬ বিশ্বকাপের এই নায়ক। ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত দলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়। গত এপ্রিলে শুরু হওয়া বহুল আলোচিত এই বিচারপ্রক্রিয়া আগামী বৃহস্পতিবার ফের শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

LEAVE A REPLY