জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

সংগৃহীত ছবি

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ যেন কাটার নামই নিচ্ছে না। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত-কোহলিদের।তবে সেই সফর আবারও পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে গড়াতে পারে বলে গুঞ্জন চলছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সেপ্টেম্বরের নির্ধারিত সময়সূচি পিছিয়ে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সিরিজটি আয়োজনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিসিসিআই-এর সেই সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, আর বিসিবিও বছরের শুরুতে নতুন সময়ের খোঁজে রয়েছে।’

মূলত ২০২৫ সালের আগস্টে ভারতের এই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে গড়াবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জমজমাট সিরিজ। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে হোম সিরিজটি শেষ করার ছক কষেছিল।

তবে এবার বাধ সাধল আফগানিস্তান সিরিজ! আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা। একই সময়ে দুই দেশের সঙ্গে সিরিজ খেলা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়াতেই মূলত নতুন এই সূচি জটিলতার সৃষ্টি।


LEAVE A REPLY