বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ছবি: কালের কণ্ঠ, বিসিবি
মিরপুরে এখন নিয়মিতই বোলিং করছেন নাহিদ রানা। অনুশীলন করছেন এশিয়ান গেমসগামী বাংলাদেশ দলের সঙ্গে।
যদিও এশিয়ান গেমসে নাহিদ থাকছেন না। খেলতে পারবেন না আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচেও।
কবে নাগাদ ফিরতে পারবেন দেশের দ্রুততম বোলার, সেটির একটি পরিষ্কার চিত্র পাওয়া গেল বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল আগেই।আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াড প্রকাশ করা হয়েছে আজ। নাহিদকে রাখা হয়নি এই দলেও।
নাহিদ আপাতত খেলার বাইরে থাকলেও বাংলাদেশ দলের নিকট ভবিষ্যতের ভাবনায় ভালোভাবেই আছেন। এই ফাস্ট বোলারের ফিট হয়ে ওঠার সম্ভাব্য সময়সীমা বিবেচনা করে তাকে হয়তো আফগানিস্তানের বিপক্ষেই কেলানো যেত।কিন্তু সামনে আরো গুরুত্বপূর্ণ সময়ের কথা মাথায় রেখে নাহিদকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।
বোর্ডের ভিডিও বার্তায় প্রধান নির্বাচক সুমন বলেছেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। তাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। কাজেই এই টেস্ট থেকে সে এমনিতেই ছিটকে গেছে।’
সুমন এরপর বলেছেন, ‘আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এছাড়া আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট।এই টেস্ট ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নাহিদ রানাকে আমরা সম্ভাব্য সেরা সুযোগ দিতে চাই যেন সে সব ম্যাচ খেলতে পারে।’
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর সেখানে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে বাংলাদেশ। সেই সিরিজে নাহিদকে ফেরানো হবে নাকি দেশে জাতীয় লিগ দিয়ে তিনি ফিরবেন, নির্বাচকরা আপাতত পরিকল্পনা চূড়ান্ত করার অপেক্ষায় আছেন।
এ ব্যাপারে সুমন বলেছেন, ‘ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (অক্টেবরের শেষে) দুটি টেস্টে তাকে আমরা চাচ্ছি। আশা করি তখন সে সুস্থ থাকবে। সে ক্ষেত্রে তাকে নিয়ে সম্ভাব্য সেরা পথটা কী হতে পারে, সেটিই নিয়েই আমরা আলাপ করছি। যেহেতু ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে, সেখানে দুটি ওয়ানডে খেলে সে প্রস্তুতি নেবে কি না, অথবা আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুম যেহেতু শুরু হচ্ছে, সেখানে খেলে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিলে যদি ভালো হয়, ওর জন্য আমরা সেটাই করব।’











































