‘নাইকি’র সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন এমবাপ্পের, যুক্ত হলেন টেনিস রাজার প্রতিষ্ঠানে

বিশ্বের বৃহত্তম ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী নাইকির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। নতুন স্পন্সর হিসেবে বেছে নিয়েছেন সুইজারল্যান্ডের দ্রুত বর্ধনশীল স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন-কে।এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড সুইজারল্যান্ডভিত্তিক ব্র্যান্ডটির বিশ্বব্যাপী অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন।

চুক্তিটি শুধুমাত্র সাধারণ কোনো স্পন্সরশিপ নয়। অন ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এর কাঠামোতে নগদ অর্থের পাশাপাশি ইকুইটি (শেয়ার) অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে এমবাপ্পে এই কম্পানির একজন শেয়ারহোল্ডার হচ্ছেন।

 ২০১০ সালে মূলত রানিং ও টেনিস জুতা দিয়ে যাত্রা শুরু করা এই সুইস কম্পানিটি এবার ফুটবল বাজারে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে।২০২৭ সালে তারা তাদের প্রথম ফুটবল বুট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার ২০১৯ সাল থেকেই এই ব্র্যান্ডটির অন্যতম সহ-মালিক। পাশাপাশি, ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি এই ব্র্যান্ডটির ‘ডিরেক্টর অব ফুটবল’ হিসেবে যোগ দিয়েছেন।

২০০৬ সালে মাত্র ৮ বছর বয়স থেকে এমবাপ্পের স্পন্সর ছিল নাইকি।সম্প্রতি লামিনে ইয়ামাল নাইকি ছেড়ে অ্যাডিডাসে যোগ দেওয়ার পর এমবাপ্পের এই দলবদল মার্কিন পরাশক্তি নাইকির জন্য বড় একটি ব্যবসায়িক ধাক্কা। তবে ২০৩৪ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের কিট স্পনসর নাইকি হওয়ায়, জাতীয় দলের জার্সিতে এমবাপ্পেকে নাইকির লোগোই পরতে হবে।

LEAVE A REPLY