ছবি : ইনস্টাগ্রাম
স্ত্রী অদিতি রাও হায়দারির জন্মদিনে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে অদিতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।একই সঙ্গে নিজেকে স্ত্রীর সবচেয়ে বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন এই অভিনেতা।
ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ লেখেন, বছরের এই সময়টা আবার ফিরে এসেছে। এই দিনেই জন্মেছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অদিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘মহাবিশ্ব ও এর মধ্যবর্তী সবকিছুকে ধন্যবাদ জানানোর দিন এটি।আমার জীবনের গুরুত্বপূর্ণ অর্ধেক মানুষটির জন্মদিন আজ।’
অদিতির প্রশংসা করে সিদ্ধার্থ আরো লেখেন, ‘সব সময়ের মতোই তুমি মিষ্টি, বুদ্ধিমতী ও দয়ালু। তোমার মতো আর কেউ নেই।
স্ত্রীকে ‘আদু জান’ বলে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানান সিদ্ধার্থ।তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আদু জান। চলো, সূর্যের চারপাশে আরো একটি বছর একসঙ্গে ঘুরে আসি।’ অদিতির জন্মের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মজা করে নিজেকে তার ‘বিগেস্ট ফ্যান’ বা সবচেয়ে বড় ভক্ত বলেও উল্লেখ করেন অভিনেতা। বার্তার শেষে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

পোস্টে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও শেয়ার করেছেন সিদ্ধার্থ।একটি সাদা-কালো ছবিতে তাদের পোষা সাদা বিড়ালকে আদর করতে দেখা যায় অদিতিকে। অন্য একটি ছবিতে বাড়ির সিঁড়িতে পাশাপাশি বসে রয়েছেন তারা। একটি ভিডিওতে হোটেলে ক্যামেরা হাতে সিদ্ধার্থকে এগিয়ে আসতে দেখে অবাক হন অদিতি। এ ছাড়া সূর্যাস্তের সময় শহরের দৃশ্য দেখতে দেখতে সুইমিং পুলে বিশ্রাম নেওয়ার ছবিও রয়েছে পোস্টে।

২০২১ সালে তেলেগু ছবি ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন সিদ্ধার্থ ও অদিতি। ২০২৪ সালের ২৮ মার্চ বাগদানের ঘোষণা দেন তারা। একই বছরের ১৫ সেপ্টেম্বর তেলেঙ্গানার একটি পুরোনো পারিবারিক মন্দিরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি।
সম্প্রতি নেটফ্লিক্সের অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ‘ইরোটিকা’ পর্বে একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও অদিতি। পর্বটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।










































