দিল্লি থেকে মুম্বাইয়ে এসে অভিনয়ের স্বপ্ন পূরণের পথচলা সহজ ছিল না বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। ক্যারিয়ারের শুরুর দিকে নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, একসময় প্রিয় তারকা শাহরুখ খানের এক ঝলক দেখার আশায় তার বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি ও সাবেক বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম। তাদের আসন্ন সিনেমা ‘প্রহার : দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারেই অনুষ্ঠানে অংশ নেন তারা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন।
২৫ সেপ্টেম্বরের পর্বে অমিতাভের সঙ্গে কথোপকথনের সময় নিজের শুরুর দিনের কথা তুলে ধরেন রাজকুমার। দিল্লির সঙ্গে অমিতাভ ও তার নিজের যোগসূত্রের প্রসঙ্গ থেকেই শুরু হয় সেই আলোচনা।
রাজকুমার জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার।অল্প বয়সেই অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। তার মায়ের ঘরে অমিতাভ বচ্চনের একটি পোস্টারও ছিল। অভিনেতা বলেন, অমিতাভ সব সময়ই তাদের কাছে অনুপ্রেরণার অন্যতম বড় নাম।
তবে শাহরুখ খানের ক্যারিয়ারও রাজকুমারের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ।এরপর টেলিভিশনে কাজ করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। রাজকুমারের কাছে শাহরুখের এই পথচলা ছিল অনুপ্রেরণার।
মুম্বাইয়ে নিজের শুরুর সময়ের একটি ঘটনাও অনুষ্ঠানে জানান রাজকুমার। তিনি বলেন, প্রথমবার একটি শোয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে নির্বাচিত হননি। সেই সময় শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। তাই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি, যদি প্রিয় অভিনেতাকে একবার দেখা যায়।
রাজকুমারের কথায়, দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে শাহরুখ যেভাবে থিয়েটার ও টেলিভিশনের পথ পেরিয়ে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন, সেই যাত্রা তাকে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে শাহরুখ খান সম্পর্কে নিজের অভিজ্ঞতাও জানান অমিতাভ বচ্চন। শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সহজে হাল ছেড়ে দেন না এই অভিনেতা। সমস্যার মুখোমুখি হয়েও নিজের আত্মবিশ্বাস ধরে রাখার পাশাপাশি আশপাশের মানুষের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারেন শাহরুখ—এমনটাই জানান অমিতাভ।
এদিকে রাজকুমার রাও বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘প্রহার : দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে। অবিনাশ অরুণ পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের বিশিষ্ট সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ আইনি লড়াইকে কেন্দ্র করে।
সিনেমার গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মামলা এবং ওই ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের বিচারপ্রক্রিয়া। সিনেমায় উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।
সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে ২৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে। ২৬/১১ হামলার সময় এই স্টেশনটিও হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল।











































