সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের জন্মদিন আজ। বলিউডের রোমান্টিক ও মেলোডিয়াস গানের জন্য পরিচিত এই শিল্পী শুধু গান নয়, নিজের স্বকীয়তা ধরে রাখার গুরুত্ব নিয়েও কথা বলেছেন।
সম্প্রতি হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে তার জন্মদিন উপলক্ষে শানের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ‘গেম চেঞ্জার্স উইথ কমল নাহতা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “অন্যের কাছ থেকে শেখো, তবে শেষ পর্যন্ত নিজের কণ্ঠ খুঁজে নিতে হবে।”
শানের এই কথার মূল বার্তা হলো—অন্যদের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে হুবহু অনুসরণ করাই সাফল্যের পথ নয়। নিজের অভিজ্ঞতা, চিন্তা ও সৃজনশীলতার মধ্য দিয়ে আলাদা পরিচয় তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমের সময়ে বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রতিদিনই মানুষ অন্যের জীবনযাপন, পোশাক, কাজ কিংবা সৃষ্টিশীলতা দেখে প্রভাবিত হচ্ছেন। অনেক সময় অনুকরণ করতে গিয়ে নিজের পছন্দ ও স্বকীয়তাই আড়ালে চলে যায়।
শানের মতে, যাদের আমরা অনুসরণ করি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়।সেই শেখা আমাদের দক্ষতা ও চিন্তাভাবনাকে সমৃদ্ধ করতে পারে। তবে সময়ের সঙ্গে শেখা বিষয়গুলোকে নিজের মতো করে কাজে লাগানো প্রয়োজন।
অর্থাৎ, অনুপ্রেরণা নেওয়া আর অনুকরণ করা এক বিষয় নয়। অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করাই হতে পারে স্বকীয়তার পথ।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল কনটেন্টের বিস্তারের কারণে মৌলিকতা নিয়েও নানা আলোচনা চলছে।এই পরিস্থিতিতে শানের বক্তব্যের গুরুত্ব আরও বেড়েছে। অন্যের কাছ থেকে শেখা সৃজনশীলতার শুরু হতে পারে, তবে নিজের চিন্তা ও কণ্ঠই শেষ পর্যন্ত একটি কাজকে আলাদা পরিচয় দেয়।
শান মূলত হিন্দি, বাংলা, কন্নড় ও তেলুগু ভাষায় গান গেয়েছেন। ২০০০-এর দশকে তার বেশ কিছু জনপ্রিয় গান তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। সংগীতের পাশাপাশি তিনি অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন।
উল্লেখ্য দুইটি ফিল্মফেয়ার পুরস্কার ও তিনটি আইফা পুরস্কারও পেয়েছেন এই শিল্পী। তবে দীর্ঘ সংগীতজীবনের পাশাপাশি নিজের স্বকীয়তা ধরে রাখার বার্তাটিও তার জন্মদিনে নতুন করে সামনে এসেছে।











































