টেইলর সুইফটের নতুন চমক ‘পেশেন্ট জিরো’ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এমটিভি ভিএমএর মঞ্চে প্রথমবার প্রদর্শনের পর গানটির মিউজিক ভিডিও দেখতে মুখিয়ে ছিলেন সবাই।কিন্তু সুইফট ভক্তদের একটু অপেক্ষাতেই রেখেছিলেন। শুরুতে ভিডিওটি শুধু স্পটিফাই প্রিমিয়াম, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকে সীমাবদ্ধ রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তা সবার জন্য ইউটিউবে উন্মুক্ত করে দেওয়া হয়।
এই মিউজিক ভিডিওটিতে টেলর সুইফটের পাশাপাশি অভিনয় করেছেন হলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা তারকা। ছিলেন ডাকোটা জনসন, কলিন ফ্যারেল, ম্যাথিউ স্টাফোর্ড ও কেলি স্টাফোর্ড।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউটিউবে ভিডিওটি আসার পরপরই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেন টেইলর। সেখানে তুলে ধরেন ভিডিওটির পেছনের নানাবিধ অভিজ্ঞতা। ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন অস্কারজয়ী বিখ্যাত চিত্রগ্রাহক এমানুয়েল চিভো লুবেজকি। তার কাজের প্রশংসা করে সুইফট লেখেন, ‘চিভোর সাথে কাজ করা ছিল একেবারে স্বপ্নময় এক অভিজ্ঞতা, যা থেকে প্রচুর শেখার সুযোগ হয়েছে।’ সহশিল্পী ডাকোটার সঙ্গে শুটিংয়ের অধিকাংশ সময় একই রকম পোশাক পরে ও হাসাহাসি করে কাটানোর কথা জানান তিনি। বিশেষ করে খলনায়কের চরিত্রে অভিনয় করা কলিনের বিশেষ প্রশংসা করে সুইফট বলেন, ‘বাস্তব জীবনে অত্যন্ত অমায়িক ও দয়ালু একজন মানুষের পর্দায় এমন দুর্দান্ত খলনায়ক হয়ে ওঠা সত্যি চিত্তাকর্ষক।’
ভিডিওতে দেখা যাওয়া একটি পুরোনো বাড়িকে তিনি প্রতীকী হিসেবে ব্যবহার করেছেন, যা মূলত ‘একটি ম্লান ও ক্ষয়ে যাওয়া সম্পর্কের জমে যাওয়া শীতলতা’-কে প্রকাশ করে। এই পরাবাস্তব আবহ তৈরিতে প্রোডাকশন ডিজাইনার ইথান টবম্যান এবং সম্পাদক চ্যানক্লার হেইন্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।










































