রজনীকান্তের ‘জেলার ২’ থেকে ১০০ মিনিটের দৃশ্য বাদ!

ফের পর্দায় ফিরছেন রজনীকান্তের জনপ্রিয় চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান। বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এবার দ্বিতীয় কিস্তিতে কী চমক থাকছে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এরই মধ্যে সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গেছে, বর্তমানে ‘জেলার ২’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বা ১৬৫ মিনিট।তবে শুরুতে সিনেমাটির দৈর্ঘ্য ছিল আরো অনেক বেশি।

সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট, অর্থাৎ ২৬৫ মিনিট। পরে সিনেমাটি থেকে ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে বর্তমানে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৫ মিনিটে।

প্রতিবেদন অনুযায়ী, মূল গল্প থেকে বিচ্যুতি এড়াতেই সিনেমাটির দৈর্ঘ্য কমানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত কারারক্ষী ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। প্রথম সিনেমার ঘটনার পর অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে শান্তিতে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একটি বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে দাড়ালে আবারও পুরোনো জীবনে ফিরতে বাধ্য হন ‘টাইগার’।

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে প্রথম কিস্তির রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্নাকেও দেখা যাবে। নতুন করে যুক্ত হয়েছেন এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলেও জানা গেছে।

মুক্তির আগে ‘জেলার ২’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানও আয়োজন করা হবে। সান নেক্সটে অনুষ্ঠিতব্য সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY