বাথরুম থেকে ‘স্ক্রিম’ অভিনেতার মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই। ৭২ বছর বয়সে মারা গেছেন তিনি।গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রাথমিক তদন্তে অভিনেতার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার একমাত্র মেয়ে রেনাটা ম্যাকফি।বাবার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘এই পোস্টের জন্য কোনোদিনই সঠিক শব্দ খুঁজে পাব না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তোমাকে বড্ড মিস করছি।’

বাবার সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে রেনাটা আরো লেখেন, ‘আমাদের মালহোল্যান্ড ড্রাইভের লং ড্রাইভ আর স্টারবাক্সের আড্ডাগুলো আমি সারাজীবন টিকিয়ে রাখব।তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। শান্তিতে ঘুমাও বাবা। তোমার কৌতুকগুলো ছাড়া জীবন আর আগের মতো থাকবে না—যেগুলো আমি তোমার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’

১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বিসবিতে কার্টিস ওয়েড মরগান নামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৩৭ বছর বয়সে এনবিসির টক রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি।১৯৯১ সালে প্রচারিত সিরিজটির দুটি পর্বে আল হেইনি চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া কালজয়ী হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয়ের পর তার পরিচিতি আরও বাড়ে। ছবিটিতে তিনি হ্যাংক লুমিস চরিত্রে অভিনয় করেন, যিনি গোস্টফেস কিলার বিলি লুমিসের বাবা। সিনেমাটিতে তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও চরিত্রটি তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন সি ডব্লিউ মরগান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও অনুরাগীরা।

LEAVE A REPLY