আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, রণবীর-অনীতের হাতে সেরার পুরস্কার

সংগৃহীত ছবি

বলিউডের পুরস্কারের মঞ্চে এবার রাজত্ব করল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি।অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন অনীত পাড্ডা। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে।

গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ, ডিজিটাল চলচ্চিত্র ও কারিগরি বিভাগেও ছিল তারকাদের সাফল্য।

‘ধুরন্ধর’-এর এক ডজন পুরস্কার

এবারের আইফা আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্রের স্বীকৃতির পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন ছবিটির নির্মাতা আদিত্য ধর। আর এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত।নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় খান্না।

শুধু পরিচালনাতেই নয়, মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কার জিতেছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন আইফার স্বীকৃতি। সব মিলিয়ে ১২টি বিভাগে পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি।

‘সাইয়ারা’য় অনীত পাড্ডার সাফল্য

‘ধুরন্ধর’-এর দাপটের মধ্যেও আলোচনায় ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ছবিটিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা। একই ছবির মাধ্যমে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে।

গানের বিভাগেও এসেছে সাফল্য। সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার জিতেছেন শ্রেয়া ঘোষাল।

অন্যদিকে ‘আজাদ’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ ছবির সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন হুমা কুরেশি।

ওটিটিতে আরিয়ান খানের চার পুরস্কার

চলচ্চিত্রের পাশাপাশি ডিজিটাল বিভাগেও ছিল জমজমাট প্রতিযোগিতা। আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া ‘দ্য ব্যাজেস অব বলিউড’ সিরিজটি জিতেছে চারটি পুরস্কার। সিরিজটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনন্যা সিং। এ ছাড়া সেরা শিরোনামসংগীতের পুরস্কারও গেছে সিরিজটির ঝুলিতে।

‘পাতাল লোক ২’ সিরিজের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জয়দীপ আহলাওয়াত। একই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও অর্জন করেছে সিরিজটি।

তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। অন্যদিকে সেরা বাস্তবভিত্তিক অনুষ্ঠান নির্বাচিত হয়েছে ‘দ্য ট্রেইটরস’।

ডিজিটাল ও আন্তর্জাতিক বিভাগে যারা সেরা

ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে সিনেমাটি। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন সানিয়া মালহোত্রা।

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

কারিগরি বিভাগেও একাধিক পুরস্কার পেয়েছে ‘ছাওয়া’। ছবিটির আবহসংগীতের জন্য স্বীকৃতি অর্জন করেছেন এ আর রহমান। সেরা শব্দ মিশ্রণ বিভাগে পুরস্কার পেয়েছেন অলোক দে। আর সেরা দৃশ্যপ্রভাবের পুরস্কার জিতেছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

LEAVE A REPLY