নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পরিবারের কয়েকজন সদস্যকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলেও অভিযোগ উঠেছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে গোয়েন্দা সূত্র।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিন পরিবার নিয়ে ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় যাওয়ার পরিকল্পনা করেন বলে সূত্র জানিয়েছে। শুক্রবার তারা পাইকসা এলাকায় মঞ্জুর মোর্শেদ লিটনের একটি নবনির্মিত ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা পরিবারটির মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘পর্নোগ্রাফি তৈরির মূলহোতা হিসেবে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত নানা আলামতও পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’











































