মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। ওই ক্ষেপণাস্ত্রটি মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে—এমন দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার কথা জানান। তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কিংবা সেটি ধ্বংস করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি জোট। 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এই ঘোষণা সামনে এলো।

এদিকে সৌদি আরবের বিরুদ্ধে চলমান অভিযানের সময় হুতিরা বারবারই বলেছে যে তাদের বাহিনী মক্কা বা মদিনার মতো পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করবে না। তবে এ অভিযানে গোষ্ঠীটি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

LEAVE A REPLY