এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি

সংগৃহীত ছবি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।গত বছরের বিজয়ী ও মাহির ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তার মাথায় পরিয়ে দেন বিজয়ীর মুকুট। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চলের পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের এই অভিনেত্রী।

মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। বিজয়ীর সাজে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬”-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।

তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল আয়োজনের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না মাহি। এ ক্ষেত্রে পাশে পাচ্ছেন গত বছরের বিজয়ী বন্ধু তানজিয়া জামান মিথিলাকে। তার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেওয়ার প্রত্যাশা মাহির।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন। তবে বিশ্বমঞ্চে তাদের কেউই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। এবার মাহির হাত ধরে আন্তর্জাতিক আসরে নতুন অর্জনের অপেক্ষায় বাংলাদেশ।

LEAVE A REPLY