বিচ্ছেদের দুই বছর পর একসঙ্গে প্রাক্তন দম্পতি!

সংগৃহীত ছবি

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন প্রায় দুই বছর আগে। তবে আলাদা হওয়ার পরও একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলিউড অভিনেত্রী এশা দেওল ও তার প্রাক্তন স্বামী ভারত তখতানি।এবার মুম্বাইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন তারা।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রবেশের আগে ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে পোজ দেন এশা ও ভারত। শুধু তা-ই নয়, হাতে হাত রেখে হাঁটতেও দেখা যায় তাদের। দুজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বিচ্ছেদের পরও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে এশাকে দেখা গেছে প্যাস্টেল গোলাপি শাড়িতে। অন্যদিকে ভারতের পরনে ছিল বেইজ রঙের বন্ধগলা পোশাক। ক্যামেরার সামনে দুজনকেই বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল।

তবে বিচ্ছেদের পর এই প্রথম তাদের একসঙ্গে দেখা গেল, বিষয়টি এমন নয়।এর আগেও একাধিকবার একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। চলতি বছরের শুরুতে এশা ও তার বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন ভারত। সেই আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন এশার ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি খান্না। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “মজার একটা বিকেল আর জমিয়ে আড্ডা। ধন্যবাদ, এশা।”

এদিকে প্রাক্তন দম্পতিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ তাদের আবার কাছাকাছি আসার পরামর্শ দিয়েছেন, কেউবা দুই মেয়ের কথা ভেবে নতুন করে সংসার শুরুর প্রত্যাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “ওদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। আশা করি, মেয়েদের কথা ভেবে ওরা আবার কাছাকাছি আসবেন এবং নতুন করে জীবন শুরু করবেন।” আরেকজনের মন্তব্য, “আবার একসঙ্গে! মেয়েদের জন্য খুব ভালো হলো। আমার মনে হয়, ধর্মেন্দ্রের মৃত্যুর সময় ভারত ওর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন।”

কেউ কেউ অবশ্য তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, “ঈশ্বর তোমাদের দু’জনকে আশীর্বাদ করুন। আবার বিয়ে করে নাও। তোমাদের দু’জনকে একসঙ্গে দেখে ভালো লাগছে।” ফলে তাদের সম্পর্ক কি নতুন করে জোড়া লাগছে, নাকি সন্তানদের কথা ভেবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন—এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি ১২ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন এশা ও ভারত। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছিলেন, “আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনের মধ্যেও আমাদের দুই সন্তানের ভালো থাকা এবং তাদের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানালে আমরা কৃতজ্ঞ থাকব।”

বিচ্ছেদের পরও দুই মেয়ে রাধ্যা ও মিরায়ার দায়িত্ব একসঙ্গেই পালন করছেন তারা। এক সাক্ষাৎকারে এশা জানিয়েছিলেন, তাদের সম্পর্কের সমীকরণে পরিবর্তন এলেও সন্তানদের ভালো থাকার ওপর যেন তার কোনো প্রভাব না পড়ে, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাধ্যা। ২০১৯ সালে পরিবারে আসে ছোট মেয়ে মিরায়া।

LEAVE A REPLY