বিশ্বকাপের আগে মেসিদের লিগে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা

ছবি : রয়টার্স

চলতি বছরের বিশ্বকাপ সামনে রেখে কিছুটা বিপাকেই ছিলেন কলম্বিয়ান অধিনায়ক ও পোস্টারবয় হামেস রদ্রিগেজ। ক্লাববিহীন থাকায় হচ্ছিল নানা সমালোচনা। আর ম্যাচ খেলার প্রস্তুতি না নিয়ে বিশ্বকাপে গেলে চ্যালেঞ্জের মুখেও পড়তে হতো তাকে। তবে শেষ মুহূর্তে সল্পমেয়াদি চুক্তিতে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দিলেন এই তারকা ফুটবলার।

ওয়েস্টার্ন কনফারেন্সের দলটির সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত। তবে ডিসেম্বর পর্যন্ত সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।

চুক্তির আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি। ৩৪ বছর বয়সী তারকা বিবৃতিতে জানান, নতুন অভিযান নিয়ে তিনি রোমাঞ্চিত।

হামেস বলেন, ‘জীবনের নতুন এই অধ্যায়ের জন্য আমি খুশি। আশা করি, নিজের সেরাটা মেলে ধরতে পারব, যাতে এই শহর ও আমার ওপর বিশ্বাস রাখা প্রতিটি মানুষকে আনন্দ দিতে পারি। মিনেসোটার আবেগময় সমর্থকদের সঙ্গে দেখা করতে তর সইছে না আমার, কারণ আমি নিজেও খেলি আবেগ দিয়ে। আমি এমন একজন, যে মাঠে নেমে নিজের সবটুকু উজার করে দিতে চায় এবং সবসময় শুধু জিততেই চায়।

পোর্তো ও মোনাকো হয়ে খেলার পর ২০১৪ বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্সে জিতে নেন তিনি গোল্ডেন বুট। এরপরই যোগ দেন ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে। 

রিয়ালের হয়ে দারুণ শুরুর পর খেই হারান তিনি। ধারে দুই মৌসুম বায়ার্ন মিউনিখে খেললেও খুব ধারাবাহিক হতে পারেননি। ২০২০ সালে রিয়ালে ছেড়ে যান ইংলিশ দল এভারটনে।

তবে হারানো ফর্ম আর খুঁজে না পেয়ে থিতু হতে পারেননি কোন ক্লাবেই। 

গত ছয় বছরে ছয়টি ক্লাবে দেখা গেছে তাকে। এভারটন, আল-রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো হয়ে সবশেষ তিনি ছিলেন মেক্সিকোর ক্লাব লেওনে। ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন তিনি। 

ক্লাব ক্যারিয়ার অস্থির ও অধরাবাহিক হলেও জাতীয় দলের হয়ে তিনি বেশ উজ্জ্বল। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (১২২) ম্যাচ খেলার ও দ্বিতীয় সর্বোচ্চ গোলের (৩১) রেকর্ড তার। সব ঠিকঠাক থাকলে তার নেতৃত্বেই আগামী বিশ্বকাপে খেলতে নামবে কলম্বিয়া।

LEAVE A REPLY