ছবি : ইনস্টাগ্রাম
একদিকে ‘রামায়ণ’ সিনেমার সাফল্য, অন্যদিকে মেয়ের জন্মদিন—দুই আনন্দ একসঙ্গে উদ্যাপন করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাদের মেয়ে রাহা।বিশেষ এই দিনে মেয়েকে নিয়ে জন্মদিন উদ্যাপনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন আলিয়া।
ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম ছবিতে দেখা যায়, রাহাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটছেন রণবীর ও আলিয়া। অন্য ছবিগুলোতে উঠে এসেছে জন্মদিনের সাজসজ্জা এবং মা-মেয়ের একান্ত কিছু মুহূর্ত।ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘সে চার বছরে পা দিল’ এবং ‘ব্লেসড’।
এদিকে ‘রামায়ণ’ সিনেমার সাফল্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া। সিনেমার সেট থেকে রণবীর ও রাহার দুটি নেপথ্যের ছবি পোস্ট করে স্বামীর প্রশংসা করেছেন তিনি। আলিয়া লিখেছেন, রণবীর এই সিনেমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, আবার মেয়ের জন্যও নিজের সবটুকু ভালোবাসা ও সময় রেখেছেন।রণবীরসহ সিনেমাটির সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য গর্বিত বলেও জানান তিনি।
আলিয়ার ভাষায়, কিছু গল্প আমাদের সবার চেয়েও বড়, ‘রামায়ণ’ তেমনই একটি গল্প।
নমিত মালহোত্রার প্রযোজনায় ‘রামায়ণ : পার্ট ওয়ান’ গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা গেছে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল এবং জটায়ুর কণ্ঠে অনুপম খের রয়েছেন।
দুই পর্বে নির্মিত এই মহাকাব্যনির্ভর সিনেমাটি বছরের অন্যতম আলোচিত বড় বাজেটের চলচ্চিত্র। মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২২১ কোটি ৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।











































