অতিরিক্ত স্ট্রেসে ঘুম হচ্ছে না? ৪ ধাপের শ্বাসের কৌশলে মিলবে স্বস্তি

সংগৃহীত ছবি

কাজের চাপ, পড়াশোনা, পারিবারিক নানা বিষয় কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে অনেকেরই স্ট্রেস বাড়ছে। এর প্রভাব পড়ছে ঘুমেও।রাতে বিছানায় যাওয়ার পরও মাথায় নানা চিন্তা ঘুরতে থাকায় সহজে ঘুম আসছে না অনেকের।

বিবিসির এক প্রতিবেদন জানায়,  এমন পরিস্থিতিতে স্ট্রেস নিয়ন্ত্রণে কাজে লাগতে পারে একটি সহজ শ্বাস-প্রশ্বাসের কৌশল। নাম ‘বক্স ব্রিদিং’। এতে শ্বাস নেওয়া, শ্বাস ধরে রাখা এবং শ্বাস ছাড়ার একটি নির্দিষ্ট ছন্দ অনুসরণ করা হয়।

ব্রিদওয়ার্ক কোচ স্টুয়ার্ট স্যান্ডেমানের ব্যাখ্যা অনুযায়ী, বক্স ব্রিদিংয়ের মূল কৌশলটি চার ধাপে করা হয়।

প্রথম ধাপ: চার সেকেন্ড ধরে শ্বাস নিন।

দ্বিতীয় ধাপ: চার সেকেন্ড শ্বাস ধরে রাখুন।

তৃতীয় ধাপ: চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।

চতুর্থ ধাপ: শ্বাস ছাড়ার পর আবার চার সেকেন্ড শ্বাস ধরে রাখুন।

এরপর একই প্রক্রিয়া আবার শুরু করতে হয়। চারটি ধাপের প্রতিটিতে সময় সমান রাখাই এই কৌশলের মূল বিষয়।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রেসের সময় মানুষের শ্বাস-প্রশ্বাসের ধরন বদলে যেতে পারে। বক্স ব্রিদিংয়ের মতো নিয়ন্ত্রিত শ্বাসের অনুশীলন মনোযোগকে শ্বাস-প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

যুক্তরাষ্ট্র ও কানাডার গবেষকদের করা একটি সাম্প্রতিক গবেষণাতেও উচ্চচাপের পরিস্থিতিতে বক্স ব্রিদিংয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এই কৌশল ব্যবহার করলে উচ্চচাপের পরিস্থিতিতে হৃদ্‌স্পন্দন ও শরীরের কিছু স্ট্রেস-সংক্রান্ত সূচকের বড় ধরনের বৃদ্ধি ঠেকাতে সহায়তা করতে পারে।

বক্স ব্রিদিং ব্যবহারকারীদের কেউ কেউ ঘুমানোর আগে এটি করেন। কেউ আবার মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার ঘুমানোর চেষ্টা করার সময় অনুশীলন করেন

যুক্তরাষ্ট্রের ৩১ বছর বয়সী মারিয়া মেদিনা জানান, দুশ্চিন্তার কারণে ঘুম না এলে তিনি বক্স ব্রিদিং করেন। ২০২০ সালে পড়াশোনা ও চাকরির চাপের সময় তিনি এই কৌশলটি শেখেন।

তবে সবার ক্ষেত্রে একই ধরনের ফল নাও হতে পারে। কেউ কয়েক মিনিট অনুশীলন করেই স্বস্তি অনুভব করতে পারেন, আবার কেউ একটু বেশি সময় অনুশীলন করতে পছন্দ করেন।

শুধু ঘুমের জন্য নয়, কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা, উপস্থাপনা বা অন্য কোনো চাপের পরিস্থিতির আগে মনকে স্থির রাখার জন্যও বক্স ব্রিদিং ব্যবহার করা হয়।

লাইফ কোচ ব্রিটানি ল্যাম জানান, তিনি নিয়মিত সকালে এই শ্বাসের অনুশীলন করেন। ক্লায়েন্টদের সঙ্গে কাজ শুরুর আগেও কখনো কখনো এই কৌশল ব্যবহার করেন, যাতে তারা কিছুটা শান্তভাবে আলোচনা শুরু করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, শ্বাস-প্রশ্বাসের কৌশল স্ট্রেস মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন ঘুমের সমস্যা, অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ থাকলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

LEAVE A REPLY