রাজশাহীতে গাছচাপায় নিহত ৪

রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ের তাণ্ডবে একটি বিশাল আকারের গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।  

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও চাপা থাকার আশঙ্কায় রাত সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল অভিযান অব্যাহত রেখেছে।  

নিহতরা হলেন- বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫), মো. সেন্টু মিয়া (৩০) ও অজ্ঞাত একজন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই রাজশাহীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রচণ্ড বাতাস আর ধূলোঝড়। এই ঝড়ের তাণ্ডবে বিশাল বড় একটা পাইকড়ের গাছ বাউসা বাজার মোড় এলাকায় উপড়ে চায়ের স্টলের ওপর পড়ে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছের নিচে চাপা পড়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাছের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এজন্য গাছটি কাটা হচ্ছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত নিহত কিংবা আহতদের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। 

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে।

LEAVE A REPLY