সংগৃহীত ছবি
পাকিস্তান সফরে সাকিব আল হাসানের খেলা নিয়ে এক সপ্তাহ আগেও কোনো শঙ্কা ছিল না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে সাকিব খেলবেন। তার সঙ্গে বোর্ডের কথা হয়েছে।
কিন্তু গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়েই দৃশ্যপট পাল্টে গেছে।
বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় আওয়ামী লীগের অনেক সংসদ সদস্যদের মতো তার কার্যালয়েও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করার মাধ্যমে তার এমপি পদও বাতিল হয়েছে।
সব কিছু মিলিয়ে বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলা সাকিবের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্য এখনো দল ঘোষণা হয়নি।
তবে সংসদ সদস্যের পদ বাতিল হওয়ায় তার এখন খেলায় মনোযোগ দেওয়া উচিত কি না, এমন এক প্রশ্ন আজ করা হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়কে।
সাকিবের রাজনীতি ও খেলা নিয়ে মিরপুরে সাংবাদিকদের উইকেটরক্ষক ব্যাটার বিজয় বলেছেন, ‘আমরা একেক ব্যক্তিকে একেক রকম দেখে এসেছি এবং সবার আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তাদের মাথা থেকে সেটা আসে। আপনি যে প্রশ্ন করেছেন, এটার উত্তর আরেকজন আরেকভাবে দেবে, আমি একভাবে দেব।
উনি কী চাচ্ছেন, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে খেলা চালাবেন, কিভাবে রাজনীতি চালাবেন, এটা একদমই ব্যক্তিগত বিষয়।’
তবে সাকিবকে ক্রিকেটার হিসেবে মাঠে দেখতে চান বিজয়। তিনি বলেছেন,‘ আমরা যখন তাকে মাঠে পাব, আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। আমি মনে করি, ক্রিকেটার সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটার বড় ভাই হিসেবে তাকে চোখের সামনে দেখতে চাই।’











































