বন্যাদুর্গতের খাবার দিচ্ছেন আরশ খান।
দেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরই মধ্যে বৃষ্টি নিয়ে দুই রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি দুই প্রতিষ্ঠান।
বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীতশিল্পীরা।
সেই কাতারে তরুণ অভিনেতা আরশ খান।
দর্শকরা তাকে অভিনেতা হিসেবে চিনলেও এর বাইরে বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। কিছুদিন আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে শুরুতেই রাজপথে নেমেছিলেন এ অভিনেতা।
এবার দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শুকনা খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন আরশ খান।
এরই মধ্যে নোয়াখালী পৌঁছেছেন তিনি। বন্যাকবলিত নোয়াখালীর কয়েকটি উপজেলায় বানভাসীদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন। আর তাকে সহযোগিতায় ছিলেন পার্শ্ববর্তী জেলার তার কয়েকজন বন্ধু।
তিনি বলেন, ‘নিজ চোখে কখনো এমন দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এই সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।
এ জন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি। এখানে আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি।’
আরশ খান আরো বলেন, ‘দুই দিন ধরে নোয়াখালীতে আছি। আজ ঢাকায় চলে যাব। তবে এখানে একটি টিম থাকবে। ঢাকা থেকে আরো একটা টিম কাজ করতে আসছে। আমি ঢাকায় ফেরার পর আরো কিছু শুকনা খাবার পাঠাব। এই মুহূর্তে এখানে অনেক খাবার প্রয়োজন। একই সঙ্গে কিছু কাপড় প্রয়োজন, যা ঢাকা থেকে পাঠাতে পারব।’
এদিকে শুক্রবার (২৩ আগস্ট) আরশ খান ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, প্লিজ, বিকাশ নয়, খাবার পাঠান।









































