ব্যারি কিয়োগান
আইরিশ অভিনেতা ব্যারি কিয়োগান এই মুহূর্তে জনপ্রিয় এক নাম। অভিনয়ে যেমন মন জয় করছেন দর্শকদের, তেমনি ব্যক্তি জীবন নিয়েও তুমুল আলোচনায় এ নায়ক। দুই বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চার শেষ নেই। শেষ পর্যন্ত বিরক্ত হয়েই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে ফেললেন হলিউডের এ অভিনেতা।
নিজের সন্তান ও পপতারকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে তার বিচ্ছেদের সূত্র ধরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অ্যালিসন সান্দ্রোর সঙ্গে সন্তান জন্মদানের পরেই সেই সম্পর্ক ভেঙে দেন কিয়োগান। বছর না ঘুরতেই হলিউড অভিনেত্রী সাবরিনা কারপেন্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এমনকি তার ভক্তরাও ভালোভাবে নেয়নি বিষয়টি।
এখন আবার কিয়োগান এবং কারপেন্টারের মধ্যকার সম্পর্কেও ফাটল ধরেছে। গুঞ্জন উঠেছে তিক্ততার জন্য দায়ী কিয়োগান নিজেই। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার কারণে কিয়োগান ইনস্টাগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুরে থাকার ঘোষণা দিয়ে মাইক্রোব্লগিং প্ল্যাটফরম এক্সে (সাবেক টুইটার) কিয়োগান লেখেন, ‘অনেক হলো চুপ থাকা আর মেনে নেওয়ার। ইন্টারনেটে কোনো কিছু নিয়ে সমালোচনা হলে তার প্রতিক্রিয়া সাধারণত দিই না। কিন্তু এখন আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে। পরিস্থিতি এতটা দূর গড়িয়ে গেছে, যেখানে ভেঙে গেছে ধৈর্যের সব ধরনের বাঁধ। আমি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করছি।
বিষয়গুলো নিয়ে নিজের পরিবার ও কাজ থেকে মনোযোগ হারাতে চাই না। আমি যে বার্তা পেলাম, তা আর কেউ কখনো না পাক। আমার চেহারা আর চরিত্র নিয়ে মিথ্যা, ঘৃণা ও আপত্তিকর সব মন্তব্য ছড়িয়ে চলছে। মানুষ কল্পনা করতে পারেন না, এমন সব অমানবিক মন্তব্য এসেছে।’
কিয়োগানের দাবি, তাকে হেনস্তা করার প্রবণতাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকে নেই। তিনি লিখেছেন, ‘প্রতিদিন আমি চেষ্টা করি নিজেকে সুস্থ ও শক্তিশালী রাখতে, শুধু ছেলের জন্য। আমি তাকে শেখার আর বেড়ে ওঠার সব ধরনের সুযোগ দিতে চাই। চাই সে তার বাবাকে দেখাশোনা করার মতো সক্ষম হয়ে উঠুক। আমার ওপর আস্থা রাখুক। যেকোনো পরিস্থিতিতে সে আমার পাশে থাকুক। সবার মনে রাখা উচিত, সে বড় হওয়ার পর আমার কার্যক্রম দেখবে। তাই দয়া করে সবাই সশ্রদ্ধ থাকুন।’
কিয়োগানকে সর্বশেষ দেখা গেছে ‘ব্রিং দেম ডাউন’ সিনেমায়। মার্কিন ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য রিংগো স্টার সম্প্রতি জানিয়েছেন, বিটলসকে নিয়ে স্যাম মেন্ডেস পরিচালিত ফিল্ম সিরিজে তার চরিত্রে দেখা যাবে কিয়োগানকে। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে সনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি সিনেমা থাকবে সিরিজে। প্রতিটি সিনেমায় উন্মোচন হবে বিটলসের ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি। তবে এখন পর্যন্ত সিনেমাটির কোনো ঘোষণা আসেনি।











































