দিনশেষে তো ক্রিকেট খেলি টাকার জন্য : পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

উইকেট উদযাপনের সময় মিরাজ।

এবারের বিপিএলটা হওয়ার কথা ছিল মাঠের। ব্যাট-বলের পারফরম্যান্সের সঙ্গে মানসম্মত একটা টুর্নামেন্ট দেখার অপেক্ষাই ছিলেন দর্শক-সমর্থকরা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই সেই আশায় গুঁড়েবালি। মাঠের পারফরম্যান্সের চেয়ে বাইরের বিতর্কিত বিষয় নিয়েই সমালোচনা হচ্ছে।

এতটাই যে বিপিএলের ইতিহাসে এমন বিতর্ক হয়নি। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। দু-একটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নাটক করায় টুর্নামেন্টের ভাবমূর্তি এখন তলানিতে। বিশেষ করে দুর্বার রাজশাহীর বিতর্কিত ঘটনা।

একই অভিযোগ চিটগাং কিংসের বিরুদ্ধেও। তাই সংবাদ সম্মেলনে এখন খেলার চেয়ে এসব বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটারদের।

ব্যতিক্রম ঘটেনি মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনেও। বাংলাদেশি অলরাউন্ডারকেও তাই পারিশ্রমিক ইস্যুতে কথা বলতে হয়েছে।

টাকার জন্যই খেলোয়াড়রা খেলে এমনটা জানিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই, এটা খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ।’

পারিশ্রমিক নিয়ে বিসিবি সমাধান দেবে, এমনটা আশা করেন মিরাজ। তিনি বলেছন, ‘সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে।

তারা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে কথা বলবে সবার সঙ্গে যারা ফ্র্যাঞ্চাইজির মালিক আছে। সেক্ষেত্রে যদি সমস্যা হয়, ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান দেবে আমার কাছে মনে হয়।’

বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। তবে নিজেদের দলে এমন সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। খুলনার অধিনায়ক বলেছেন, ‘আমাদের টিম ইতোমধ্যে ৪০ ভাগ পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের কথা হয়েছে। তিনি বলেছেন, এই সপ্তাহের ভেতর ৩০-৩৫ ভাগ পেমেন্ট করে দেবেন। অলমোস্ট তো ৭০ ভাগের কাছাকাছি আমরা সবাই পেয়ে যাব।’

LEAVE A REPLY