‘গেম চেঞ্জার’ রিশাদে স্বপ্ন বুনছে বাংলাদেশ

রিশাদ দারুণ কিছু করবে এমনটা মনে করছেন তার তিন সতীর্থ।

বড় মঞ্চে রিশাদ হোসেনে আস্থা রাখছে বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছেন এই লেগস্পিনার সেটারই পুনরাবৃত্তি চাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তাই রিশাদকে ‘গেম চেঞ্জার’ হিসেবেই দেখছে বাংলাদেশ।

রিশাদে স্বপ্ন বুনার কথা আইসিসির এক ভিডিওতে জানিয়েছেন তিন ক্রিকেটার- তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

রিশাদ শুধু লেগস্পিনেই পারদর্শী নন, শেষ দিকে ব্যাটেও ঝড় তুলতে পারেন। সেদিকটাই মনে করিয়ে দিয়ে পেসার তানজিম সাকিব বলেছেন, ‘ আমি মনে করি আমাদের লেগস্পিনার ও অলরাউন্ডার রিশাদ হোসেন আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। আর ব্যাট হাতে যখন আমাদের রান প্রয়োজন তখন রানও করে দেয়।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। লেগস্পিনার রিশাদকে তাই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘গেম চেঞ্জার’ বলেছেন সৌম্য। বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রিস্ট স্পিনার সব সময় গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।

পাকিস্তানের উইকেট সব সময় ব্যাটিং স্বর্গ হয়। আর এমন উইকেটেও লেগস্পিনাররা দারুণ কিছু করতে পারেন। সেদিকে থেকেই সতীর্থর ওপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। তিনি বলেছেন, ‘আমি সত্যি দলে রিশাদকে চাই। আমাদের রিস্ট স্পিনার হিসেবে সে ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব।

কারণ, আমরা সবাই জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা খুবই গুরুত্বপূর্ণ। রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’

LEAVE A REPLY