সংগৃহীত ছবি
মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকা পালি হিলে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন শাহরুখ খান। যার জন্য প্রতি বছর ২.৯০ কোটি রুপি ভাড়া দেবেন অভিনেতা।
ডেটা অ্যানালিটিক্স ফার্ম জ্যাপকির মতে, গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি সই হয়েছে। চুক্তিতে দুটি অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া মোট ভাড়া বছরে ২.৯ কোটি রুপি।
অর্থাৎ মাসে ২৪.১৫ লক্ষ রুপি। এই অ্যাপার্টমেন্টগুলো পরিচালক এবং রকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভাগনানি এবং তার বড় বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, শাহরুখ ৩৬ মাসের জন্য জ্যাকি এবং দীপশিখার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে অ্যাপার্টমেন্ট দুটো কেন ভাড়া নিলেন অভিনেতা, তা এখনও জানা যায়নি।
কাজের ক্ষেত্রে, শাহরুখকে শেষ রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে কন্যা সুহানার সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ।
‘কিং’ ছবিটির শুটিং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে শোনা গিয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত শাহরুখের বাংলো মান্নাত, তার ভক্তদের কাছে স্বপ্নের বাড়ি।
২০০১ সালে ১৩.০১ কোটি রুপিতে এটি কিনেছিলেন অভিনেতা। যার মূল্য আজ প্রায় ২০০ কোটি রুপিরও বেশি।









































