মফস্বল শহরে সিনেমা হল বানাতে চান সোহেল খান

সোহেল খান

জনপ্রিয় অভিনেতা সোহেল খান। টিভি পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। আলাদা ফ্যানবেজ রয়েছে এ অভিনেতার। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন।

কাজ করেছেন ঈদের ছবিতেও। ঈদে দেশজুড়ে দর্শকরা হলমুখী হয়েছেন। ঈদের সিনেমাগুলো প্রশংসিত হয়েছে এবার। সোহেল খানও দেখে নিয়েছেন আলোচিত তিনটি সিনেমা।

সিনেমা দেখার পাশাপাশি সিনেমাকে রক্ষার বিষয়ে নিজেকে নিয়োজিত করতে চান এ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ভবিষ্যতে মফস্বলে সিনেমাহল তৈরি করতে চান তিনি।

দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে একথা বলেন তিনি। সোহেল খান বলেন, ‘সিনেমা হল রক্ষায় ও বাড়াতে সরকারি উদ্যোগ নিতে হবে।

যেমন বড় বড় মার্কেটের টপ ফ্লোরে ১৫০ থেকে ২০০ আসনবিশিষ্ট একটি করে হল করা যায়। চোখের সামনে অসংখ্য হল বন্ধ হয়ে গেল। সরকার এগিয়ে না এলে এটি সম্ভব নয়। আমারও ইচ্ছে আছে যে মফস্বল শহরে যেখানে সংস্কৃতি চর্চা হয় সেখানে আমি একটি হল করব। কারণ, আমি তো এ লাইনের লোক।এটা ছাড়া তো আমি যোগ-বিয়োগ কিছু শিখিনি।’

ঈদে আলোচিত তিনটি সিনেমাই দেখেছেন সোহেল খান। সিনেমাগুলোর প্রশংসা করে তিনি বলেন, “ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সবই ব্যাবসা সফল ছবি। ‘বরবাদ’ ভালো করছে। ‘দাগি’ও ভালো যাচ্ছে। আশা করি ‘জংলি’ও ভালো করবে। ঈদের সময় বেশি সিনেমা হলে বেশি প্রতিযোগিতা থাকে। সেক্ষেত্রে নির্মাতারাও ভালো মানের কাজ করতে চেষ্টা করেন।”

নিজের অভিনীত ‘জংলি’ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, “আমার মনে হয়েছে ‘জংলি’ ভালো করবে। সিনেমাটি নির্মাণে আড়াই কোটি টাকার ওপরে খরচ হয়েছে। নাচ, গান, অ্যাকশন সবকিছুই আছে এতে। আমি যতটুকু কাজ করেছি, আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। শুটিংয়ে দেখেছি সিয়াম, বুবলী যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন।”

প্রায় এক যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় আসেন অভিনেতা সোহেল খান। তারপর ধারাবাহিক ও খণ্ড মিলিয়ে অসংখ্য নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বর্তমানে বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সোহেল খান। তার অভিনীত ‘তেল ছাড়া পরোটা’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

LEAVE A REPLY