চট্টগ্রামে চার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার ভোরে হালিশহর থানার ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করে চট্টগ্রাম কোস্ট গার্ড।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ১ হাজার ৫৬টি ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং চার বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল। তবে ঘটনাস্থল থেকে কোনো মাদক কারবারিকে গ্রেফতার করতে পারেনি।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, শনিবার ভোরে কোস্ট গার্ডের কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, হালিশহর ডগির খাল দিয়ে বিপুল পরিমাণ মাদক চালান করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক কয়েকজনকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। সন্দেহজনক ব্যক্তিদের থামার সংকেত দিলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৬টি ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং চার বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। যার আনুমানিক ৪ কোটি ১৫ লাখ টাকা।
কোস্ট গার্ডের পিও আমিনুল ইসলাম বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। মাদক উদ্ধারের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’








































