ফ্রেন্ডস খ্যাত মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়ির গেটে এক বৃদ্ধের গাড়ি নিয়ে ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের অভিজাত বেল এয়ার এলাকায়। সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের মুখপাত্র অফিসার জেফ লি জানান, অনলাইন রেকর্ড অনুসারে অ্যানিস্টনের মালিকানাধীন এয়ারোল ওয়ের ৯০০ ব্লকে অবস্থিত বাড়ির গেটে এই ঘটনা ঘটে। পুলিশ ‘বুর্গলারি সাসপেক্ট’ অর্থাৎ চুরির সন্দেহে অভিযুক্ত এক ব্যক্তির বিষয়ে ফোন পায়, যিনি গাড়ি চালিয়ে বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েন।
ওই সময় বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন প্রহরী সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
হেফাজতে নেয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭০-এর কোঠায় বলে জানিয়েছে পুলিশ। তার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
অন্য এক পুলিশ কর্মকর্তা ডেভিড কুয়েল্লার জানান, ঘটনার সময় বাড়ির মালিক, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন বাড়িতেই উপস্থিত ছিলেন।
‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে রাচেল গ্রিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অ্যানিস্টন এর আগে তার এই বেল এয়ারের বাড়ি নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের আবেগের কথা জানিয়েছেন।
২০১৮ সালে স্থাপত্য বিষয়ক ম্যাগাজিন ‘আর্কিটেকচরাল ডাইজেস্ট’-এ তিনি বলেন, ‘আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে অবশ্যই একজন ডিজাইনার হতে চাইতাম।’











































