দেব ও রুক্মিণী
টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের অভিনয় জীবনে নতুন আরেকটি অর্জন। যেমনটা তুখোড় পরিশ্রম করে নিজেকে মেলে ধরেছেন পর্দায়, তার উপহারও পেলেন এ অভিনেত্রী। ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সেলুলয়েডের ‘বিনোদিনী’। আর রুক্মিণীর এ অর্জনে দারুণ উচ্ছ্বসিত সিনেমাটির প্রযোজক ও রুক্মিণীর প্রেমিক দেব।
সামাজিক মাধ্যমে দেব লিখেছেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।
‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এ নটী বিনোদিনী চরিত্রের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রুক্মিণী। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখার্জির পক্ষ থেকে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী।
নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাকে। রুক্মিণীর সেই তুখোড় পরিশ্রমের ঝলক দেখা গেছে পর্দায়। একবার সিনেমার প্রচারে গিয়ে প্রযোজক দেবও ফাঁস করেছিলেন, রুক্মিণী নাকি ‘বিনোদিনী’র চরিত্রে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন যে রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তুলতেন।
এর আগেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে সিনেমাটি। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা দর্শকদের পছন্দের সিনেমার খেতাব পেয়েছে এটি। এবার রুক্মিণী মৈত্র পেলেন মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার।
এতে নাম ভূমিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র।গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা গেছে মীর আফসার আলিকে। আরো অভিনয় করেছেন ওম সাহানি, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু এবং চন্দন রায় সান্যালের মতো অভিনেতা।










































